সিংগাইরে সংখ্যালঘুরা ডাকাত আতংকে

থানার পাশেই সংখ্যালঘু এলাকা বসাকপাড়া, মিস্ত্রীপাড়া, ঋষিপাড়া ও স্বরূপপুরে ডাকাত আতংক বিরাজ করছে। তাঁরা রাত জেগে পাহারা দিচ্ছে। ডাকাতরা ডাকাতি করার আগে আশেপাশে বাড়ি-ঘরের দরজায় বাইরে থেকে তালা ও শিকল লাগিয়ে দিচ্ছে। ফলে ডাক-চিত্কারে কেউ এগিয়ে আসতে পারছে না। ডাকতরা শুধু মালামালই নিচ্ছে না মারধর করছে পুরুষ এবং মহিলাদের। পুলিশকে জানিয়েও কোন কাজ হচ্ছে না বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। গত সোমবার সংখ্যালঘুদের পক্ষ থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। ডাকাতি প্রসঙ্গে জানতে চাইলে সিংগাইর থানার ওসি বলেন, এগুলোকে ডাকাতি বলা যায় না। এছাড়া এ ব্যাপারে আমি কিছু জানি না। এদিকে ডাকাতির পাশাপাশি ঘটছে ছিনতাই ও চুরির ঘটনা। ১১ জুলাই চারিগ্রামে আদম আলী ভূইয়ার স্ত্রী লালজান বেগম (৬০) কে হত্যা করে স্বর্ণালংকার ছিনিয়ে নেয় স্থানীয় যুবক সজিব (১৮), শেখ রিংকু (২০) ও জামাল (২১)। পুলিশ তাদের গ্রেফতার করে এবং তারা তাদের দোষ স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। ১৩ জুলাই থানা পুলিশ বাইমাইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে একটি ডোবা থেকে অজ্ঞাতনামা (৪৫) একটি লাশ উদ্ধার করে। লাশের পরনে ছিল একটি কালো রঙের ফুল প্যান্ট এবং শরীরে কোন কাপড় ছিল না।