পিরোজপুরে ছাত্রীকে ধর্ষণ শেষে হত্যা

সদর উপজেলার গুয়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী অর্পিতা দাসকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগে পুলিশ রুবেল সেখ নামে এক যুবককে আটক করেছে। রবিবার রাতে বেকুটিয়া ফেরিঘাট এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। রুবেল লাল চান সেখের ছেলে ও শরিকতলা-ডুমুরিতলা ইউপি সদস্য ওমর ফারুক সেখের ভাতিজা। এদিকে রুবেলকে আটকের পর তাকে ছাড়িয়ে নেয়ার জন্য ইউপি সদস্য ওমর ফারুকসহ বিভিন্ন মহল থেকে থানা পুলিশকে চাপ দেয়া হচ্ছে বলে জানা গেছে। এছাড়া রুবেল আটকের পর নিহতের পরিবারকেও নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেয়া হচ্ছে। এদিকে, রবিবার রাতে রুবেলকে আটক করা হলেও সোমবার বিকেলে পর্যন্ত পিরোজপুর সদর থানা তাকে গ্রেফতারের কথা অস্বীকার করে। তবে পিরোজপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) এম এন মোর্শেদ রুবেলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।