আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা বঞ্চিত ৭ লাখ মানুষ
আজাদ মালিথা, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২০:৫৬
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স এক বছর আগে ৫০ শয্যায় উন্নীত হওয়ার চিঠি পেয়েছে। কিন্তু আজও ওই হাসপাতালে মেলেনি অর্থ মঞ্জুরীসহ লোকবল এবং আসবাবপত্রসহ অন্যান্য সুবিধা। জেলার সর্বাধিক জনবহুল এই উপজেলার সরকারি হাসপাতালটি উপজেলা সদর থেকে ৭ কি মি দূরে হারদিগ্রামে অবস্থিত। এই হাসপাতালটিতে ৪ জন বিশেষজ্ঞ ডাক্তারের স্থলে ২ জন, ৭ জন মেডিক্যাল অফিসারের স্থলে ৪ জন, ১০ জন নার্সের স্থলে ৭ জন আছে। সব মিলিয়ে ৭/৮ বছর যাবত্ ২ জন বিশেষজ্ঞ ডাক্তার, ১ জন এ্যানেসথেসিস্ট, ৩ জন মেডিক্যাল অফিসার ও ৩ জন নার্সের পদ শূন্য আছে। যার ফলে সেবার মান তো দূরের কথা ন্যূনতম সুবিধাও পাচ্ছেন না প্রায় ৭ লাখ মানুষ। এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা হাজী আবু মোহাম্মদ জহুরুল ইসলাম ইত্তেফাককে বলেন, হাসপাতালটির শূন্য পদ পূরণসহ নানাবিধ সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বারংবার লিখিতভাবে জানানো হয়েছে।