খাগড়াছড়িতে শিক্ষা উন্নয়নে অনুদান

জেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের উচ্চতর শিক্ষা গ্রহণের লক্ষ্যে পার্বত্য জেলা পরিষদ ৩৮ লাখ ৯ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে। জেলা পরিষদ ও ইউএনডিপি-সিএইচটিডিপি শিক্ষা কম্পোনেন্টের অধীনে জেলার প্রত্যন্ত অঞ্চলের ১০০টি রেজিস্টার্ড-বেসকরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৫ জন শিক্ষকের মাঝে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। সোমবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান প্রদান করা হয়। পার্বত্য জেলা পরিষদ সদস্য ও শিক্ষা বিষয়ক কমিটির আহবায়ক চাইথোয়াই অং মারমার সভাপতিত্বে অনুদান প্রদান ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপির শিক্ষা কম্পোনেন্টের জেলা কো-অর্ডিনেটর ইলা রানী চৌধুরী ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রিয় কুমার চাকমা।