কুমিল্লা সদর দক্ষিণকে খণ্ডিত করতে হাইকোর্টে মামলা

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা সীমানাকে আবারো খণ্ডিত করে ২০০৮ সালের মতো সংসদীয় আসন সীমানা করার জন্য হাইকোর্টে মামলা হয়েছে। গত রবিবার এ মামলাটি দায়ের করেন কুমিল্লা-১০ নাঙ্গলকোট আসনের সংসদ সদস্য আ. হ. ম মোস্তফা কামাল (লোটাস কামাল)। গত সোমবার এ মামলার খবর সদর দক্ষিণে জানাজানি হলে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দসহ এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। সদর দক্ষিণ উপজেলা ঐক্যসংহতি পরিষদের সভাপতি শফিকুজ্জামান ও মহানগর ঐক্যসংহতির সদস্য সচিব মো. আবুল বাসার বলেন, গত নির্বাচন কমিশন সদর দক্ষিণকে তিনভাগে ভাগ করে তিনটি আসনের সঙ্গে যুক্ত করে দেয়ায় এ উপজেলার জনগণ বাস্তবিক অর্থে ঠিকানাবিহীন ও বিড়ম্বনার মধ্যে ছিল। বর্তমান কমিশন জনগণের দুর্ভোগ ও উন্নয়ন বঞ্চনার বিষয়টি অনুধাবন করে এ উপজেলাকে অখণ্ডিত রেখে আসন বিন্যাস করেছে। সদর দক্ষিণের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন সম্পাদক মনিরুল হক চৌধুরী বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় পেয়ে ব্যক্তিগত স্বার্থে এ ধরনের মামলা দায়ের করে উপজেলাকে এলাকা বিভক্ত করার প্রয়াস নিন্দনীয়। মামলার বাদি আ. হ. ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এমপি বলেন, নির্বাচনী এলাকা বড় হলে উন্নয়ন বিঘ্নিত হয়। তাই ২০০৮ সালের মতো নির্বাচনী এলাকা পুনর্বহালের জন্য এ মামলা দায়ের করেছি।