শেয়ারবাজারের লেনদেন বেড়েছে ২৩ শতাংশ

গতকাল মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে বেশিরভাগ কোম্পানির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। এদিকে জামায়াতে ইসলামী ও গণজাগরণ মঞ্চের ডাকা হরতালে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। উপস্থিত না থাকলেও বেশিরভাগ বিনিয়োগকারীরা ফোনের মাধ্যমেই তাদের লেনদেন করেছেন বলে জানিয়েছেন ব্রোকারেজ হাউস কর্মকর্তারা। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, দিনের শুরুতেই বাজারে বড় ধরনের উল্লম্ফন দেখা গেলেও মুনাফা তুলে নেয়ার প্রবণতায় শেষ পর্যন্ত তা স্থায়ী হয়নি। যদিও শেষ পর্যন্ত সূচক ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই লেনদেন শেষ হয়েছে। এদিকে লেনদেন আগের দিনের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেড়েছে। যা বাজারের ইতিবাচক দিক। গতকালও লেনদেনের ক্ষেত্রে বাজারে জ্বালানি খাতের প্রাধান্য বিরাজমান ছিল। এ খাতে লেনদেন হয়েছে ২৭০ কোটি টাকা। যা বাজারের মোট লেনদেনের প্রায় ২৬ শতাংশেরও বেশি। এছাড়া টেলি কমিউনিকেশন খাতেও লেনদেন হয়েছে মোট লেনদেনের প্রায় ১৩ শতাংশ। গতকাল বাজারে দাম বাড়ার ক্ষেত্রে টেলিকমিউনিকেশন খাত এবং সাধারণ বীমা খাত এগিয়ে ছিল। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৪ কোটি ১৪ লাখ ৯২ হাজার ৬৫৬ টাকা। যা আগের দিনের চেয়ে ১৯১ কোটি ৬৮ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের। এদিকে ব্যাংকিং খাতের ব্র্যাক ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ার ইস্যুর আবেদন নাকচ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) আইন, ২০০৬ এর ৩(ডি) অনুযায়ী রাইট ইস্যুর প্রস্তাবিত পরিমাণ পরিপূর্ণভাবে আন্ডাররাইটিং (অবলেখন) সম্পন্ন করে আবেদন দাখিল না করায় প্রতিষ্ঠান দুটির রাইট ইস্যুর আবেদন বিবেচনা করেনি কমিশন। সভায় জালালাবাদ সিকিউরিটিজকে তিন লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। কনসোলিডেট কাস্টমার অ্যাকাউন্টের বিপরীতে ঋণ গ্রহণ করায় সিকিউরিটিজ আইন ভঙ্গ হয়েছে। ফলে এ জরিমানা করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।