তারেক ও কোকোসহ ১২ জনের জবাব দাখিলে ফের সময়
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২১:১৫
সাড়ে ৪৫ কোটি টাকারও বেশি খেলাপি ঋণ আদায়ে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ ১২ বিবাদীর পক্ষে জবাব দাখিলের জন্য আদালত আবারও আগামী ২০ আগস্ট দিন ধার্য করেন। মঙ্গলবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক মোহাম্মদ রবিউজ্জামান এ দিন ধার্য করেন।
গতকাল এ মামলার জবাব দাখিলের জন্য দিন ধার্য ছিলো। জবাব দাখিলের জন্য প্রয়োজনীয় কাগজপত্র হাতে না পাওয়ায় মামলার ছয় নম্বর বিবাদী গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে তার আইনজীবী জাহিদুল ইসলাম কোয়েল গতকাল আদালতে সময়ের আবেদন করেন। উল্লেখিতরা ছাড়াও মামলায় ড্যান্ডি ডায়িং লিঃ, শামস এস্কান্দার, সাফিন এস্কান্দার, সুমাইয়া এস্কান্দার, গিয়াসউদ্দিন আল মামুন, শাহীনা ইয়াসমিন, নাসরিন আহমেদ, কাজী গালিব আহমেদ, শামসুন নাহার ও মাসুদ হাসানকে বিবাদী করা হয়েছে। এর আগে মামলার ১০ নম্বর বিবাদী মোজাফফর আহমেদ মারা যাওয়ায় তার স্ত্রী শামসুন্নাহার ও ছেলে মাসুদ হাসানকে এ মামলায় বিবাদী হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। ব্যাংক থেকে ঋণ নিয়ে ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা খেলাপির অভিযোগে অর্থ আদায়ের জন্য গত বছরের ২ অক্টোবর এই আদালতে মামলাটি করেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
মামলায় বলা হয়, বিবাদীরা ডান্ডি ডাইংয়ের পক্ষে ১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারি সোনালী ব্যাংকে ঋণের জন্য আবেদন করলে ওই বছরের ৯ মে ব্যাংক বিবাদীদের আবেদন মঞ্জুর করে ঋণ প্রদান করে।