আত্মসমর্পিত দুই আসামি জেলে

২০১১ সালের শবেবরাতের রাতে সাভারের আমিনবাজারের কেবলারচরে ছয় ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত ২ আসামির জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন মঙ্গলবার এ আদেশ দেন। এর আগে এই মামলার পলাতক দুই আসামি মো. সাইফুল ইসলাম ও অখিল উদ্দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। তারা দু’জনই চার্জশিটভুক্ত আসামি। আসামিদের পক্ষে জামিনের আবেদন শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, বোরহান উদ্দিন ও খোরশেদ মিয়া আলম প্রমুখ। অপরদিকে জামিনের বিরোধিতা করেন অতিরিক্ত পিপি আনন্দ চন্দ্র বিশ্বাস। এ মামলার ৬০ আসামির মধ্যে বর্তমানে ২৩ জন পলাতক ও ৩০ জন জামিনে আছেন। বাকিরা কারাগারে। ২০১১ সালের ১৭ জুলাই রাতে আমিনবাজারের বড়দেশি গ্রাম সংলগ্ন কেবলার চরে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় মিরপুর সরকারি বাঙলা কলেজের তিন শিক্ষার্থীসহ ছয় কলেজ ছাত্রকে। নিহতদের সঙ্গে থাকা বন্ধু আল-আমিন গুরুতর আহত হলেও পরে প্রাণে বেঁচে যান। ঘটনার পর কথিত ডাকাতির অভিযোগে বেঁচে যাওয়া আল-আমিনসহ নিহতদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে সাভার মডেল থানায় একটি মামলা করেন স্থানীয় বালু ব্যবসায়ী আবদুল মালেক। এদিকে, সাভার থানার পুলিশ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় পাঁচ-ছয়শত গ্রামবাসীকে আসামি করে একটি হত্যা মামলা করে।