আদালতের প্রতি সম্মান দেখিয়ে রায় মেনে নিয়েছে আওয়ামী লীগ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে গোলাম আযমের ৯০ বছর কারাদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করার যুক্তি তুলে ধরে বলেছেন, যুদ্ধাপরাধী গোলাম আযমের বিরুদ্ধে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে তা জনগণের প্রত্যাশা অনুযায়ী না হলেও আদালতের প্রতি সম্মান রেখে আওয়ামী লীগ এ রায় মেনে নিয়েছে। মঙ্গলবার দুপুরে কাওরান বাজারের টিসিবি ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গণমাধ্যমে রায় নিয়ে তার বক্তব্য একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে অভিযোগ করে মাহবুব-উল-আলম হানিফ বলেন, গণমাধ্যমগুলোতে বলা হয়েছে রায়ে আওয়ামী লীগ সন্তুষ্ট। কিন্তু প্রকৃতপক্ষে আমি বলেছি রায়ে গোলাম আযম ও জামায়াতকে তাদের অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে এবং বলা হয়েছে জামায়াত নেতার অপরাধ মৃত্যুদণ্ড যোগ্য এতে আমরা সন্তুষ্ট। কিন্তু তাকে যে সাজা দেয়া হয়েছে তা আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মনিরুজ্জামান মনির, সদর উদ্দিন খান, মশিউর রহমান শিহাব প্রমুখ।