আব্বাসকে শান্তি আলোচনার আহ্বান নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে শান্তি আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন। এক টেলিফোন আলাপে তিনি এই আহ্বান জানিয়েছেন বলে ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়। ওই কথোপকথনে তিনি তিন বছর ধরে স্থগিত থাকা শান্তি আলোচনা দুই পক্ষের উদ্যোগে আবার শুরু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন। নেতানিয়াহু আব্বাসকে মুসলমানদের পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান বলে তার কার্যালয় থেকে জানানো হয়। তিনি আব্বাসকে আরো বলেন, শুধুমাত্র উত্সব নয়, অন্য যে কোনো সময়েই আমাদের একে অন্যের সঙ্গে কথা বলার সুযোগ থাকবে বলে আমি আশা করি এবং আমরা আলাপ-আলোচনা শুরু করবো। আমাদের সবার জন্যই এটা জরুরি। ২০১০ সালে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকে কেন্দ্র করে ইসরাইল-ফিলিস্তিনের মধ্যকার সরাসরি শান্তি আলোচনা ভেস্তে যায়। ফিলিস্তিন পশ্চিম তীরকে তাদের ভবিষ্যত্ রাষ্ট্রের অংশ হিসাবে চায়। আলোচনা পুন-রুজ্জীবিত করার আশা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সামপ্রতিক মাসগুলোতে ইসরাইলে কয়েক দফা ঝটিকা সফর করেন। “মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির উদ্যোগ ফলপ্রসূ হবে বলে আমি আশাবাদী”, নেতানিয়াহু একথা বলেন বলে ইসরাইলের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়।