জালনোট প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সতর্কতা
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২২:১৭
পবিত্র ঈদুল ফিতরের আগে জাল চক্রের সদস্যরা কোনভাবে যেন জালনোট ছাড়তে না পারে এজন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে সকল বাণিজ্যিক ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসকে এ বিষয়ে তত্পর থাকতে নির্দেশ দেয়া হয়েছে। এর পাশাপাশি জালনোটের বিস্তার ঠেকাতে সহযোগিতা চেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীকে চিঠি দেয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া সারাদেশে ব্যাংক, পুলিশ এবং স্থানীয় প্রশাসন সমন্বয়ে গঠিত জালনোট প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটিকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মো. মজিবুর রহমান বলেন, বিভিন্ন উত্সবকে সামনে রেখে টাকার চাহিদা বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বাজারে নতুন নোট ছাড়ে। এ নোট বাজারে এলে জালনোটের সংখ্যা বাড়ে। এজন্য কোন অবস্থাতেই ব্যাংকিং সিস্টেমে যেন জালনোট ঢুকতে না পারে সেজন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে সতর্ক করা হচ্ছে। তিনি জানান, ঈদকে সামনে রেখে বাণিজ্যিক ব্যাংকসমূহে জালনোট প্রতিরোধ সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন কার্যক্রম জোরদার করা হয়েছে। ব্যাংকের সব শাখায় উন্নত প্রযুক্তির জালনোট শনাক্তকরণ মেশিনের ব্যবহার ও সিসিটিভি স্থাপন করা হয়েছে কি-না তা দেখা হচ্ছে।