ডিআরইউতে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির- ‘ডিআরইউ— সাগর-রুনী’ মিলনায়তনে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ বিষয়ে সোমবার সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভিন্ন গণমাধ্যমের ডিআরইউ’র ৫০জন সদস্য এই কর্মশালায় অংশগ্রহণ করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই কর্মশালার আয়োজন করে। গত ৭ জুলাই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। তথ্য মন্ত্রণালয়, তথ্য কমিশন ও ফেডরিক নিওম্যান ফাউন্ডেশনের (এফএনএফ) সহায়তায় ডিআরইউ তার সদস্যদের মধ্য থেকে প্রতি ব্যাচে ৫০ জন করে পর্যায়ক্রমে ৫শ’ জনকে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। আগামী ২২ জুলাই সোমবার তৃতীয় ব্যাচের কর্মশালা অনুষ্ঠিত হবে। ডিআরইউ’র প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন ও প্রশিক্ষণ উপ-কমিটির সদস্য মাহফুজা জেসমিনের পরিচালনায় কর্মশালায় তিনটি সেশনে রিসোর্স পারসন ছিলেন, তথ্য কমিশনার মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম ভূঁইয়া ও তথ্য কমিশনের সচিব মো. ফরহাদ হোসেন।