আশুলিয়ায় ম্যাডলার এপারেলস বন্ধ ঘোষণা

আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের মুখে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ম্যাডলার এ্যাপারেলস গতকাল মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্প পুলিশ জানায়, আশুলিয়া শিল্পাঞ্চলের পূর্ব নরসিংহপুরে ম্যাডলার এ্যাপারেলসের জিএম শহীদুল ইসলাম, পিএম সিদ্দিক ও ব্যবস্থাপক হাফিজকে অপসারণের দাবিতে বেশ কিছুদিন ধরেই কর্মবিরতিসহ বিক্ষোভ প্রদর্শন করে আসছিল প্রতিষ্ঠানটির শ্রমিকরা। পরিস্থিতি অবনতির আশংকায় গতকাল সকালে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সম্বলিত নোটিস টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা কাজে এসে কারখানা বন্ধ দেখে বিক্ষোভ করার চেষ্টা করলে তাদের সরিয়ে দেয়া হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।