আজ শিরাজীর স্মৃতিবার্ষিকী
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২২:৩৯
আজ ১৭ জুলাই, শিরাজী স্মৃতিবার্ষিকী। উপমহাদেশের বিশেষত বাংলায় মুসলিম পুনর্জাগরণ ও ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রদূত মহাকবি ও কিংবদন্তি বাগ্মী সৈয়দ ইসমাইল হোসেন শিরাজীর আজ ৮২তম মৃত্যুবার্ষিকী। ১৩ জুলাই তার জন্মবার্ষিকী। শিক্ষা, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে বিশেষত বাঙালি সমাজের অগ্রগতি সাধনে তিনি জাগরণমূলক সাহিত্য, রচনা, সভা-সমাবেশ, স্কুল-কলেজ প্রতিষ্ঠা, সমবায় সমিতি গঠন এবং ব্যবসায়-বাণিজ্যে তরুণ ও যুবকদের হাতে-কলমে শিক্ষা ও উত্সাহ দান করেন। মুসলিম নারী মুক্তির অগ্রদূত শিরাজী অন্তঃপুর থেকে নারীকে শিক্ষাঙ্গনে বের করে আনেন। ১৯০২ সালে তিনি বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম ও জাতীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠার জোরালো দাবি জানান।
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রভাবশালী ব্যক্তিত্ব শিরাজী শিক্ষা, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে বাঙালিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে ছিলেন আলোকবর্তিকাস্বরূপ। তার সামগ্রিক সাহিত্যকর্মের মূল লক্ষ্যই ছিল জাতীয় পুনর্জাগরণ এবং স্বাধীনতা অর্জন। একাধিকবার কারাদণ্ডে দণ্ডিত শিরাজী দুইখানি বিশাল মহাকাব্য, অনল প্রবাহসহ কয়েকখানি গীতিকাব্য, ৪টি ঐতিহাসিক উপন্যাস, বহুসংখ্যক প্রবন্ধ, ভ্রমণকাহিনী ও গান রচনা করেন। রাজদ্রোহমূলক সাহিত্য হিসেবে শিরাজীর জাগরণী কাব্য ‘অনল প্রবাহ’ উপমহাদেশের প্রথম বাজেয়াপ্ত গ্রন্থ। এজন্য তার দুই বছর সশ্রম কারাদণ্ড হয়।