প্রধানমন্ত্রীকে উলফার চিঠি
অনুপ চেটিয়াকে দর কষাকষির হাতিয়ার না করার আহ্বান
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২২:৫৫
ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) তাদের কারাবন্দী নেতা অনুপ চেটিয়াকে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে। উলফার (ইন্ডিপেন্ডেন্ট) চেয়ারম্যান অভিজিত্ আসম এক চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, চেটিয়া কোনো অপরাধী নন বরং স্বাধীনতাকামী আসামিদের নেতা। আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়, সুব্রত বাইন ও সাজ্জাদ হোসেন নামের দুই সন্ত্রাসীকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিনিময়ে উলফা নেতাকে ভারতের কাছে হস্তান্তর করা হবে এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর প্রধানমন্ত্রীর কাছে উলফা এ আহ্বান জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সুব্রত বাইন জাল মুদ্রা বহন, অবৈধ অস্ত্র রাখা ও অনুপ্রবেশের অভিযোগে ২০১২ সালে কলকাতায় গ্রেফতার হয়। অন্যদিকে বাংলাদেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি সাজ্জাদ হোসেন বর্তমানে দিল্লির তিহার জেলে রয়েছেন। উল্লেখ্য, উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া বর্তমানে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রয়েছেন। ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকার আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাংলাদেশের কারাগারে অনুপ চেটিয়ার কেটেছে দীর্ঘ ১৬টি বছর। আর রাজনৈতিক আশ্রয় নয়, দেশে ফেরার জন্য অনুপ চেটিয়া সম্প্রতি কারা কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেন। এতে তিনি ইতিপূর্বে বাংলাদেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য করা আবেদন প্রত্যাহারের কথাও বলেন।