বাংলাদেশের শ্রম আইন শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারবে না
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২২:৫৫
বাংলাদেশে সংশোধিত শ্রম আইন শ্রমিকদের পুরোপুরি স্বার্থ রক্ষা করবে না। শ্রম আইন আন্তর্জাতিক মানের হয়নি। অথচ আন্তর্জাতিক মানের হলে সরকারের জন্য সুখবর ছিল। নিউইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ গত সোমবার নিজস্ব ওয়েব সাইটে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ‘বাংলাদেশ: অ্যামেন্ডেড লেবার ল ফলস শর্ট’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, শ্রম আইন সংশোধনের মাধ্যমে কিছুটা অগ্রগতি হলেও শ্রমিকের অধিকার এখনও রয়েছে মারাত্মক ঝুঁকিতে। দাতা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উচিত আবার শ্রম আইন সংশোধনে সরকারকে চাপ সৃষ্টি করা। শ্রমিকদের ইউনিয়ন করা এবং নিরাপদে কাজ করার অধিকার আইনে থাকতে হবে। সংস্থাটির এশিয়া অঞ্চলের উপ-পরিচালক ফিল রবার্টসন বলেন, শ্রম আইন আন্তর্জাতিক মানের হলে সরকারের জন্য সুখবর ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো সরকার শ্রমিকদের অধিকার সীমিত করে দিয়েছে। এর মাধ্যমে সরকার একটা সুযোগ হাতছাড়া করেছে। তিনি বলেন, রানা প্লাজা ধসের বিপর্যয় থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে সরকার চেষ্টা করছে। তাই তারা দেখাচ্ছে যে, সরকার শ্রমিকদের অধিকারের দিকে খুব নজর দিচ্ছে।