মনপুরা-হাতিয়া সীমানায় ১৮ জেলেকে অপহরণ
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২২:৫৬
ভোলার মনপুরা ও নোয়াখালীর হাতিয়া সীমান্তে মেঘনা নদীর টেঙ্গারচর এলাকায় গত সোমবার জেলেদের দুটি ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়ে ১৮ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। কালামচরে তিন জেলেকে কুপিয়ে নদীতে ফেলে দিয়েছে জলদস্যুরা। সমপ্রতি ভোলার দুর্গম চরে দুই জলদস্যু বাহিনী প্রধান নিহত হওয়ার পর আরো দুটি জলদস্যু বাহিনী ভোলা ও হাতিয়া চ্যানেল দাপিয়ে বেড়াচ্ছে। বাহিনী দুটি হলো স্বপন বাহিনী ও কালাম বাহিনী।
স্থানীয় সূত্র জানায়, সোমবার চরফ্যাশনের নয়ন মাঝির ট্রলারসহ দুটি ট্রলার মাছ শিকারের সময় একদল সশস্ত্র জলদস্যু দু’ দিক থেকে ট্রলারগুলো ঘিরে ফেলে জেলেদের উপর অতর্কিত হামলা চালায়। কয়েকজন জেলে বাধা দিতে গেলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে জলদস্যুরা। পরে অস্ত্রের মুখে ১৮ জেলে ও ট্রলার দুটি নিয়ে যায় তারা
অপরদিকে একই দিন কালাম চরে এফবি নবি নামের একটি ফিশিং বোটে ডাকাতি করে তিন জেলেকে নদীতে ফেলে দিয়েছে জলদস্যুরা। ওই তিন জেলে এখনও নিখোঁজ রয়েছে ।