লিমনের মামলা প্রত্যাহার সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি ঝালকাঠি পৌঁছেছে
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২২:৫৬
লিমনের বিরুদ্ধে র্যাবের দায়ের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত বিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের দপ্তর এবং জেলা জজ আদালতের পিপির কাছে পৌঁছেছে। চিঠি প্রাপ্তির বিষয়ে ঝালকাঠির জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেনের সঙ্গে বিকাল ৩টা ৫৮ মিনিটে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন পর্যন্ত চিঠি পাইনি। তবে লিমনের আইনজীবী অ্যাডভোকেট আক্কাস সিকদার বলেন, ‘জেলা প্রশাসকের গোপনীয় শাখা আমাকে চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে।’ তিনি আরো জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি ও বিধি শাখা-১ এর উপ-সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এই চিঠিতে উল্লেখ করা হয়, ১৮৯৮ সনের ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী সরকার লিমনের বিরুদ্ধে র্যাবের দায়ের করা অস্ত্র মামলা (নম্বর ১০/২০১১) এবং সরকারি কাজে বাধা দেয়া মামলা (নম্বর ১১/২০১১) দুটি না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই এ মামলা প্রত্যাহারের ব্যাপারে ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরকে (পিপি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। এছাড়া পিপি অ্যাডভোকেট মান্নান রসুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বুধবার এবিষয়ে র্যাবের মামলার দায়িত্বপ্রাপ্ত আইনজীবী এপিপি এম আলম খান কামালের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এদিকে লিমন মঙ্গলবার ঢাকা থেকে মোবাইলে জানান, রিহ্যাবের পক্ষ থেকে জেনারেল সেক্রেটারি ওয়াহেদুজ্জামান পড়াশুনা এবং আর্থিক সহযোগিতার জন্য তাকে এক লাখ টাকার চেক প্রদান করেছেন।
উল্লেখ্য, আগামী ১৩ আগস্ট র্যাবের বিরুদ্ধে আদালতে লিমনের মায়ের দায়ের করা মামলার রিভিশন শুনানির তারিখ ধার্য আছে। ইতিপূর্বে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে র্যাবের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদন সঠিক বলে আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করা হয়।