সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিশ্চিত ও সহজ করার লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে টেবিলে উপস্থাপন করা প্রশ্নোত্তর পর্বে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সংসদকে একথা জানিয়েছেন। অপু উকিলের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঈদ উপলক্ষে সড়ক পথে চলাচলকারী বাস যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী না উঠানো, অতিরিক্ত মালামাল বহন না করা এবং যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করার বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এসব বিষয় নিশ্চিত করতে প্রতি বছরের ন্যায় এবারও রাজধানীর বাস টার্মিনালগুলোতে বিআরটিএ, পুলিশ বিভাগ, বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের কর্মকর্তাদের সমন্বয়ে ভিজিলেন্স টিম ও মনিটরিং টিম গঠন করা হবে। একই সদস্যের লিখিত অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বঙ্গবন্ধু সেতুর ন্যায় পদ্মা সেতুতেও রেল লাইন সংযোগ থাকবে। তবে পদ্মা সেতুতে সড়ক লেন ও রেল লাইন আলাদা লেভেলে হবে। যা বঙ্গবন্ধু সেতুতে একই লেভেলে ছিলো। পদ্মা সেতুতে উপরের লেভেলে থাকবে সড়ক লেন এবং নিচের লেভেলে থাকবে ব্রড ও মিটার গেজের রেল লাইন। অ্যাডভোকেট মো. রহমত আলীর প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী আগস্ট মাসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হবে। নির্মাণ কাজ পরবর্তী সাড়ে তিন বছরের মধ্যে শেষ হবে। এজন্য ইতিমধ্যে ছয় দশমিক ৮৭৭ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়ার প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেনে উন্নীতকরণ কাজ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে সারাদেশের সবগুলো জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক এবং জেলা সড়ক যানবাহন চলাচলের উপযোগী রয়েছে। ২১টি স্থায়ী মনিটরিং টিম সড়কগুলোর মেরামত ও সংস্কার এবং উন্নয়ন ও সম্প্রসারণ কাজ নিয়মিত পরিবীক্ষণ করছে। সারাহ বেগম কবরীর প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত সারাদেশে ছোট, বড় ও মাঝারি ৪৫০টি ব্রিজ এবং এক হাজার ৯০২টি কালভার্ট নির্মাণ করা হয়েছে।