বিভিন্ন স্থানে পুলিশ-শিবির সংঘর্ষ, আটক অর্ধশতাধিক

হরতালে সারাদেশে নিহত ৪, আহত ৫০

জামায়াত শিবিরের ডাকা গতকাল মঙ্গলবারের হরতালে সারাদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। হরতাল সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় ৪ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। অনেক জায়গায় পুলিশের সঙ্গে জামায়াত ও শিবির কর্মীদের সংঘর্ষ হয়েছে। আটক হয়েছে অর্ধশতাধিক শিবির নেতাকর্মী। অপরদিকে সোমবার হরতালে সহিংসতার ঘটনায় সহস্রাধিক শিবির কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর ঃ সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াত শিবিবের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে শিবিরের দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশসহ কমপক্ষে ১১ জন। নিহতরা হলেন উপজেলার রঘুনাথপুর এলাকার নুরুল ইসলামের ছেলে রুহুল আমীন গাজী (৩২) ও বাজার গ্রাম এলাকার আফতাবউদ্দীনের ছেলে শেখ আরিফুজ্জামান (১৭) । মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। সকালে কালিগঞ্জের পাওখালিতে জামায়াত-শিবিরের পিকেটিংয়ে পুলিশ বাধা দিলে এই সংঘর্ষ হয় । এসময় পিকেটাররা ককটেল নিক্ষেপ করে । তাদের এলোপাতাড়ি ককটেল ও ইট নিক্ষেপের মুখে পড়ে পুলিশ শতাধিক রাউন্ড গুলি বর্ষণ করে। ঘন্টাব্যাপী থেমে থেমে এই সংঘর্ষে পুলিশের গুলিতে ৫ জামায়াত-শিবির কর্মী আহত হন । এর মধ্যে রুহুল আমিন ও আরিফুজ্জামান মারা যান। এদিকে জামায়াত-শিবির কর্মীদের হাতে পুলিশের দুই এসআই সোহরাব হোসেন ও নকিব এবং কনস্টেবল ফরিদ হোসেনসহ ৮জন আহত হন । এদের মধ্যে কনষ্টেবল ফরিদের অবস্থা আশংকাজনক। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিগঞ্জের সহকারী পুলিশ সুপার তাজুল ইসলাম জানান, সড়কে ফেলে রাখা বৈদ্যুতিক খুঁটি ও গাছের গুঁড়ি অপসারণের সময় জামায়াত-শিবির প্রথমে পুলিশের ওপর হামলা চালায় । অপরদিকে, সাতক্ষীরার বাঁকাল এলাকায় পিকেটিং করার সময় ২ জামায়াত-শিবির কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। দিনাজপুর অফিস ঃ হরতালকারী জামায়াত-শিবিরের কর্মীদের ধাওয়া খেয়ে একটি ট্যাংকলরি এক ভ্যান যাত্রীকে চাপা দিলে তিনি নিহত হন। এ ঘটনায় আরও ২ জন ভ্যান যাত্রী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ফজরের নামাজের পর পর ভোর ৫ টায় চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে জামায়াত-শিবিরের শতাধিক কর্মী লাঠি-সোটা হাতে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করার সময় চম্পাতলী ফতেজংপুর থেকে ভ্যান যোগে রানীরবন্দরে আসছিলেন মজিবর রহমানের পুত্র আব্দুল কুদ্দুস (৪৫)। এসময় দিনাজপুর মুখী একটি ট্যাংকলরী রানীরবন্দরে পৌঁছালে হরতালকারীরা তাতে হামলা চালায়। লরীর চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ভ্যানের উপর আঘাত করে। ভ্যানের আরোহী আব্দুল কুদ্দুসকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ভ্যান চালক সাজু (২৬) ও ট্যাংকলরীর হেলপার মতিয়ারকে (২৫) গুরুতর আহতাবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের রানীরবন্দরসহ বিভিন্ন এলাকায় জামায়াত শিবির কর্মীরা ফজরের নামাজের পরপরই মহাসড়কের ১০টি ট্রাক-বাস ভাংচুর করেছে। গাজীপুর প্রতিনিধি ঃ গতকাল দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হরতাল কারীরা একটি বাসে আগুন ধরিয়ে দেয়। তারা এলোপাতাড়ি বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। এ সময় আগুন ও ভাংচুর থেকে রক্ষা পেতে দ্রুত পালানোর সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা গেছে নাদিয়া সুলতানা (৮) নামের এক শিশু। নিহত নাদিয়া নেত্রকোনার পূর্বধলার বিশকাকুলি গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। ঘটনার পর পুলিশ উপস্থিত হয়ে শিবিরকর্মী সন্দেহে সোহেল রানা (২৫) নামে এক যুবককে আটক করে। সে রাজবাড়ি জেলা শহরের বেলায়েত বিশ্বাসের ছেলে। এদিকে সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দনা উচ্চ বিদ্যালয়ের সামনে স্কাই লাইন পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় পিকেটাররা। নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জে পুলিশের উপর হামলা, যানবাহনে আগুন, ভাংচুরের মধ্য দিয়ে মঙ্গলবার জামায়াতের হরতালের দ্বিতীয় দিন পালিত হয়েছে। সকাল ৮টায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মাহমুদপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মিছিল বের করে শিবিরের ৩০-৩৫ জন নেতাকর্মী। তারা একটি বাসে আগুন ও ৫-৬টি যানবাহন ভাংচুর করে। পরে পুলিশ ও র্যাবের কয়েকটি টিম ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি করলে শিবির কর্মীরা চলে যায়। তখন তারা একটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিবির কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি করে। এদিকে সদর উপজেলার ফতুল্লায় মঙ্গলবার দুপুরে পুলিশের উপর হামলা চালিয়েছে শিবির কর্মীরা। এতে আহত হয়েছে পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) সহ আরো ৭ জন কনস্টেবল। প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লা মডেল থানার এস আই বাশারের নেতৃত্বে একদল পুলিশ ফতুল্লার পাগলা দাপা এলাকায় টহল দিচ্ছিল। দুপুর দেড়টায় যোহরের নামাজের পরেই শিবিরের ২০-২৫ জন নেতাকর্মী হরতাল সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কে এসে অতর্কিতভাবে যানবাহন ভাংচুর করতে থাকে। তখন সেখানে টহলরত একটি পুলিশের পিকআপ ভ্যান চারদিকে ঘিরে রেখে পুলিশের অস্ত্র দিয়েই পুলিশ সদস্যদের বেধড়ক পিটিয়ে আহত করে শিবির কর্মীরা। এতে এস আই বাশার, সুবেদার সুখদেবসহ পুলিশের ৭ সদস্য আহত হয়। সিলেট অফিস:সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে সহিংস হয়ে ওঠার চেষ্টা করে জামায়াত-শিবির। তারা নগরীতে অন্তত ২০টি গাড়ি ভাংচুর করে। বিক্ষোভ করে কয়েকটি স্থানে। দিনের প্রথম ভাগে নগরীতে যানবাহন চলাচল কম থাকলেও দুপুরের পর সিএনজি অটো রিকশা, ইজিবাইক চলাচল করতে দেখা যায়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নগরীর ওসমানী মেডিক্যাল কলেজ এলাকায় ঝটিকা মিছিল করে ছাত্রশিবির। পরে মিছিলে অংশগ্রহণকারীরা ওসমানী মেডিক্যাল থেকে পাঠানটুলা এলাকা পর্যন্ত পিকেটিং করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবির কর্মীরা মোটর সাইকেলে ঘুরে ঘুরে যেখানে যে গাড়ি পেয়েছে তাতে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এর আগে মেডিক্যাল রোড এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে শিবির কর্মীরা। সেখানে তারা কয়েক মিনিট অবস্থান করে পুলিশ আসার আগেই স্থান ত্যাগ করে। এদিকে সোমবার হরতাল চলাকালে নগরীর মেন্দীবাগে পুলিশের সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় পুলিশ চার শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে। রাজশাহী অফিস:পরস্পর বিরোধী দাবিতে পাল্টাপাল্টি সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচিতে মঙ্গলবার রাজশাহীতে চাপা উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত ঢিলেঢালা ও শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। হরতাল শুরুর আগেই ভোর সাড়ে ৫টায় নগরীর শেখেরচক এলাকার শাহ মখদুম কলেজের সামনে মিছিল করে ছাত্রশিবির। এসময় তারা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টাও করে। কিন্তু পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে শিবির কর্মীরা পালিয়ে যায়। এছাড়া সারাদিন নগরীতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ শহরের মসজিদপাড়া ও পুরাতন বাজার এলাকায় মঙ্গলবার শিবিরের কয়েকটি ককটেল বিস্ফোরণে ৪ শিশুসহ ৬ জন আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ ৪ জনকে আটক করেছে। এদিকে শিবগঞ্জ উপজেলার রসুলপুর মোড়ে সোমবার জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের সংঘর্ষের ঘটনায় জামায়াত-শিবিরের সাড়ে ৬’শ নেতা-কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবির নায়েক সুবেদার আবু তাহের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। নোয়াখালী প্রতিনিধি:ককটেল বিস্ফোরণ ও বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে গতকাল হরতাল পালিত হয়। সকালে জেলা শহরের সোনাপুর রেল স্টেশনের কাছে ককটেল বিস্ফোরণে মো. বাদশা (১৩) নামের এক পথশিশু আহত হয়। আহত বাদশাকে আটক করে পুলিশ পাহারায় নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, শিবির কর্মীদের দেয়া ককটেলের বিস্ফোরণ ঘটাতে গিয়ে বাদশা আহত হয়। অন্যদিকে সকালে হরতালের সমর্থনে শিবির কর্মীরা চাটখিলের হালিমা দীঘিরপাড় এলাকায় সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৪ শিবির কর্মীকে আটক করে। এছাড়া সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে গতরাতে ১২ জন শিবির কর্মীকে আটক করে। রংপুর প্রতিনিধি:রংপুরে ককটেল বিস্ফোরণ, মহাসড়কে টায়ার জ্বালানো ও অবরোধসহ বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে জামায়াতে ইসলাম এবং গণজাগরণ মঞ্চের পাল্টাপাল্টি ডাকা মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। সকালে নগরীর লালবাগ, পার্কের মোড়, নজিরের হাট, মাহিগঞ্জ আমদতী ও দমদমা এলাকায় গাছের গুঁড়ি ফেলে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং পিকেটিং করে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এছাড়াও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদালয়ের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে পিকেটাররা। সেখানে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটনানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নগরীর রাজা রামমোহন মার্কেটের সামনে ৬টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা:লক্ষ্মীপুরের কমলনগরে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সাড়ে তিন শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কমলনগর থানার এএসআই মো. মামুনুর রশিদ এবং তোরাবগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন বাদী হয়ে সোমবার রাতে মামলা দুটি দায়ের করেন। সোমবার জামায়াতের হরতাল চলাকালে হরতাল সমর্থক ছাত্রশিবিরের পিকেটারদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষের ঘটনায় ওই মামলা দুটি দায়ের করা হয়। কুমিল্লা প্রতিনিধি : গতকাল হরতালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার সাতোরা-চম্পকনগর এলাকায় জামায়াত-শিবির কর্মীদের সাথে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ, গুলিবর্ষণ, ভাংচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় শিবির ও ছাত্রলীগের ৪ কর্মী গুলিবিদ্ধ হয়েছে। আহতরা হচ্ছে- কামরুল (২৪), শুভ (২৫), মরিয়ম (৪৫), কাশেম (৪২)। এছাড়া মহানগরীর টমছমব্রীজ এলাকার নিউ হোস্টেলের সামনে পুলিশের গাড়ি লক্ষ্য করে শিবির কর্মীরা ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাংচুর করলে পুলিশ ২১ রাউন্ড গুলি চালায় এবং ধাওয়া করে মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারী শাহ আলমসহ ৪ শিবির কর্মীকে গ্রেফতার করে। এসময় পুলিশের এসআই হারুন-অর-রশীদ শিবির কর্মীদের ককটেলের স্প্লীন্টারের আঘাতে আহত হন। কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : গতকাল জামায়াত-শিবিরের ডাকা হরতালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ভোরে বসুরহাট জিরোপয়েন্ট থেকে বের হওয়া শিবিরের ঝটিকা মিছিল থেকে অতর্কিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় শিবির ক্যাডাররা বসুরহাট কালামিয়া ম্যানশনের সামনে একটি সিএনজি, একটি রিকশা, সিনেমা হল রোডে বেশ কয়েটি সিএনজি, করালিয়ায় সিএনজি ও সিরাজপুর লোহার পুল নামক স্থানে একটি পিকআপ ভ্যান ভাংচুর করে। চট্টগ্রাম অফিস : গণজাগরণ মঞ্চ ও জামায়াতে ইসলামের আহ্বানে হরতাল চলাকালে নগরীতে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে শিবির কর্মীরা। সকালে বাদুরতলা এলাকায় ঝটিকা মিছিল বের করে শিবির। এসময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ছুঁড়ে মারা ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত হন বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের ক্যামেরাপার্সন পলাশ। সকাল সাড়ে ৭টার দিকে নগরীর পতেঙ্গার গোল্ডেন সি বিচ এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায় শিবির কর্মীরা। সকাল সোয়া ৯টার দিকে নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে শিবির কর্মীরা পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। এসময় তারা দুইটি সিএনজি অটোরিকশা ভাংচুর করে। ভ্রাম্যমাণ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে রবিবার রাতে ৪টি ট্রাকে আগুন দেয়ায় ঘটনায় ৯৭ জন জামায়াত শিবির কর্মীর নামে মামলা করেছে পুলিশ। সোমবার রাতে শৈলকুপা থানার কচুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই এবারত আলি বাদী হয়ে এ মামলা করেছেন। দাগনভূঁঞা (ফেনী) সংবাদদাতা : দাগনভূঁঞা উপজেলার সিলোনীয়া বাজারে গত সোমবার জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের উপর ককটেল নিক্ষেপ ও কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগে ২৬ নেতা-কর্মীকে এজাহার নামীয় আসামি এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন জামায়াত-শিবিরের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ভোরে একটি ঝটিকা মিছিল বের করে শিবিরের নেতা-কর্মীরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে অন্তত ৪টি ককটেল নিক্ষেপ করলে পুলিশ পাল্টা চার রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে হরতালের ২য় দিনে পিকেটিংয়ের সময় পুলিশ ২৭ জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার হরতাল চলাকালে পিকেটাররা শহরের বাটার মোড়ে পুলিশকে লক্ষ্য করে পরপর ৩টি ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১ রাউন্ড টিয়ারসেল এবং শর্টগানের ৬ রাউন্ড গুলি বর্ষণ করে। এ ছাড়াও পিকেটাররা পুরানাপৈল নামক স্থানে ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। জয়পুরহাট পুলিশ সুপার হামিদুল আলম জানান, মঙ্গলবার হরতাল চলাকালে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ২৭ জন জামায়াত শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। যশোর অফিস : যশোরে হরতাল চলাকালে ককটেল বিস্ফোরণ ও বাস ভাংচুর করেছে শিবিরের ক্যাডাররা। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ ভবনের সামনে ককটেল বিস্ফোরণে ৩ জন আহত হন। এর আগে যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর এলাকায় একটি বাস ভাংচুরের ঘটনা ঘটে। বরিশাল অফিস : হরতালের দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার সড়ক অবরোধ, টায়ারে অগ্নিসংযোগ ট্রাক-টেম্পু ভাংচুর ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা। হরতালের শুরুতেই ভোর ৫টায় মহানগর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ানের নেতৃত্বে নগরীর কাশিপুর এলাকায় এবং স্থানীয় শিবির নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে। এসময় গড়িয়ার পাড়ে ২টি টেম্পু ভাংচুর করা হয়। প্রায় একই সময় নগরীর বাঘিয়া এলাকায় শিবির কর্মীরা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগ করে।