গার্ডিয়ানের প্রতিবেদন

বাংলাদেশে আগামী নির্বাচন সত্যিকারের রাজনৈতিক পরীক্ষা

বাংলাদেশের আগামী নির্বাচন শীতের সময় হতে পারে। নির্বাচনে সহিংস পরিস্থতি বিরাজ করতে পারে। এই নির্বাচন হবে সত্যিকারের রাজনৈতিক পরীক্ষা। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করবে। এ লড়াই এখনো শুরু হয়নি। যুদ্ধাপরাধের মামলার রায় নিয়ে চলা সংঘর্ষ রাজনৈতিক দলগুলোর মধ্যে কেবল ওয়ার্ম-আপ। যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে এসব কথা লিখেছে। গত সোমবার প্রকাশিত ‘বাংলাদেশ ইলেকশনস উইল বি ট্রুথ টেস্ট অব পলিটিক্যাল স্ট্রেংথ’ শীর্ষক ওই প্রতিবেদনটি লিখেছেন জ্যাসন বারকি। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি জয় পেয়েছে। ক্ষমতাসীন দল সাধারণত পরাজিত হয়। তবে তারা বলছে, গ্রাম এলাকায় তাদের অবস্থান শক্তিশালী এবং তারা জয়লাভ করবেন। অন্যদিকে বিএনপি বলছে, এই নির্বাচনের মাধ্যমে বোঝা যাচ্ছে- তারা নির্বাচনে জয়লাভ করবে। বিএনপির দাবি, নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা। তবে আওয়ামী এ দাবি মানবে না বলেই মনে হচ্ছে; কিন্তু বিএনপি দাবি আদায়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে। আর এই দুই দলের নেতাদের মধ্যে যে ধরনের বিদ্বেষ রয়েছে তাতে তাদের মধ্যে সমঝোতা হওয়ার সম্ভাবনাও সামান্য।