একশ বছর পর শহরে সূর্যের আলো!

সূর্যের আলো ছাড়া পৃথিবীতে মানুষ বাঁচতে পারে! আমরা চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণের সময় দিনের বেলায় কিছু সময়ের জন্য সূর্যের আলো দেখতে পাই না। আর এতেই মনে হয় পৃথিবীটা অন্ধকারে ঢাকা। নিজেদের এক অন্ধকার ঘরের বাসিন্দা বলে মনে হয়। অথচ নীশিথ সূর্যের দেশ নরওয়ের একটি শহরের বাসিন্দারা দীর্ঘ ১০০ বছর পর শীতকালে সূর্যের আলোর দেখা পাবে। খবর এনডিটিভি’র। আগামী সেপ্টেম্বর থেকে সামান্য সূর্যের আলোর দেখা পাবে নরওয়ের শিল্পন্নোত শহর জুকানের বাসিন্দারা। আর এই আলো আসছে পরিকল্পনার ভিত্তিতে। পর্বতের পাশে স্থাপিত তিনটি আয়নায় প্রতিফলিত হয়ে এই আলো শহরের টাউন হলের সামনে পড়বে। গত পহেলা জুলাই এই আয়না স্থাপন করা হয়। এই প্রকল্পে খরচ হচ্ছে ৫ মিলিয়ন ক্রোনার (নরওয়ের মুদ্রা)। শীতকালে শহরটির বাসিন্দারা সূর্যের আলো পাওয়ার জন্য ক্যাবল কারের মাধ্যমে পাহাড়ের উপরে ওঠে। এই পদ্ধতি এখনো চালু থাকবে বলে জানিয়েছেন জুকান পর্যটন অফিসের প্রধান কারিন রো।