খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বন্দুক যুদ্ধ, নিহত ২

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় গতকাল মঙ্গলবার দুপরে বন্দুক যুদ্ধে দুইজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস (সন্তু লারমা গ্রুপ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে এই বন্দুক যুদ্ধ সংঘটিত হয়। গোয়েন্দা সংস্থা সূত্র নিহত হওয়ার খবর নিশ্চিত করলেও লক্ষ্মীছড়ি থানা পুলিশ কারো মারা যাওয়ার কথা নিশ্চিত করে বলতে পারেনি। পুলিশ জানায়, গোলাগুলির কথা শুনলেও ঐ দুর্গম এলাকায় তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। তবে গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানায়, উপজেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বর্মাছড়ি ইউনিয়নের কুতুবছড়ির লম্বাটিলা এলাকায় দুপুর দেড়টার দিকে দু’পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট বন্দুক যুদ্ধ হয়। দৃশ্যত এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ঘটা এই যুদ্ধে উভয়পক্ষের ৭০ থেকে ৮০ রাউন্ড গুলি বিনিময় হয়। অজ্ঞাতনামা দুইজন নিহত হয়। এরা ইউপিডিএফের সদস্য। এদিকে লক্ষ্মীছড়ি সেনাজোনের আওতাধীন বর্মাছড়ি ক্যাম্পের সুবেদার ওয়াজেদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল বেলা তিনটার দিকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও এ রির্পোট লেখা পর্যন্ত তারা অকুস্থলে পৌঁছাতে পারেনি। সূত্র জানায়, বর্মাছড়ি ক্যাম্প থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত লম্বাছড়ি এলাকায় যান চলাচলের কোন রাস্তা নেই। তাই পায়ে হেঁটে যাওয়ার কারণে সেনাবাহিনীর দলটি ঐ দুর্গম এলাকার পৌঁছতে বেশ সময় লাগবে। এদিকে জেএসএস’র লক্ষ্মীছড়ি উপজেলা সভাপতি ধীমান চাকমা সাংবাদিকদের জানান, ইউপিডিএফের অভ্যন্তরিণ কোন্দলে তাদের দুই সদস্য নিহত হয়েছে। এ ঘটনার সাথে জেএসএস’র কোন সম্পৃক্ততা নেই। এ ব্যাপারে ইউপিডিএফের পক্ষে কোন বক্তব্য পাওয়া যায়নি।