ঝিনাইদহে বোমা বিস্ফোরণে স্বামী স্ত্রী আহত

ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে বোমা বিস্ফোরণে স্বামী আব্দুল কুদ্দুস (৩৫ ) ও তার স্ত্রী নবিরুণ বেগম আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ঝিনাইদহের পুলিশ সুপার মো. আলতাফ হোসেন বলেন, দুর্বৃত্তরা তাদের বাড়িতে সর্ষের ভিতর দু’টি হাতবোমা লুকিয়ে রেখে যায়। সর্ষেগুলো বের করে রোদে শুকাতে দেয়ার সময় দুটি কৌটা সদৃশ বস্তু পান তারা। এর ভিতর কোন দামি জিনিস আছে ধারণা করে কৌতূহলবশত ঘরের ভিতর নিয়ে দু’ জনে বটি দিয়ে কাটার সময় বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে স্বামী স্ত্রী গুরুতর আহত হন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজে রেফার্ড করা হয় বলে ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. বায়েজিদ হোসেন জানান।