হোমনায় ডাকাতদের কবলে পুলিশের টহলের সিএনজি অটোরিকশা

কুমিল্লার হোমনা উপজেলায় সিএনজি অটোরিকশা করে পুলিশের একটি দল টহলে বের হলে ডাকাতদের কবলে পড়ে। গত সোমবার রাতে হোমনা-দুলালপুর সড়কের বাগমারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। হোমনা থানা সূত্রে জানা গেছে, রাতে থানার ওসি (তদন্ত) স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই সড়কে টহল দিচ্ছিল। এ সময় আগে থেকে ওত পেতে থাকা ৫-৭ জন ডাকাত ওই অটোরিকশায় হামলা চালায়। এ সময় পুলিশ ধাওয়া করে দুই ডাকাতকে আটক করে। আটককৃতরা হলো হোমনার বাগমারা গ্রামের এলা মিয়া (২৫) ও শ্রীমঙ্গল জেলার নূরুল ইসলাম (২৬)। তাদের কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধমে জেলা হাজতে পাঠানো হয়েছে।