রপ্তানি লক্ষ্যমাত্রা ৩ হাজার
৫০ কোটি ডলার
প্রকাশ : ১৭ জুলাই ২০১৩, ২০:৪২
চলতি অর্থ বছরে ৩০ হাজার ৫শ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে প্রবৃদ্ধি ধরা হয়েছে শতকরা ১২ দশমিক ৮৪ ভাগ। গত বছর এ লক্ষ্যমাত্রা ছিল ২৮ হাজার মিলিয়ন মার্কিন ডলার এবং প্রবৃদ্ধির পরিমাণ ছিল শতকরা ১১ দশমিক ২২ ভাগ। রপ্তানি বাণিজ্যে এ বছর তৈরি পোশাক, ওভেন, নিট, কৃষিপণ্য, চামড়া, চিংড়ি, পাট ও পাটজাত পণ্যের ওপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
গতকাল বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ২০১৩-২০১৪ অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব মাহবুব আহমদ।
বাণিজ্য সচিব বলেন, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের প্রবৃদ্ধি বেড়েই চলছে। আগামীতেও এ প্রবৃদ্ধি বৃদ্ধির হার অব্যাহত থাকবে। এজন্য তিনি রপ্তানিকারক ও সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় রপ্তানিকারকরা যোগাযোগ ব্যবস্থা উন্নত, অবকাঠামো উন্নয়ন, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ বৃদ্ধি, পোর্ট ফ্যাসিলিটিজ বৃদ্ধি, ওভেন ও নিট খাতের মান উন্নয়নের জন্য কর্মীদের প্রশিক্ষণ, চামড়া শিল্প উন্নয়নের জন্য কেমিক্যাল উত্পাদন, কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, বিভিন্ন দেশে রপ্তানির ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণসহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি দাবি জানান।