নিয়োজিত ফার্ম ছাড়াও রফতানি ভর্তুকি কেস অডিট করানো যাবে

রফতানির বিপরীতে ভর্তুকি পেতে সংশ্লিষ্ট কেস অডিট ফার্মের মাধ্যমে অডিট করাতে হয়। অন্যান্য বছরের মত চলতি অর্থবছরে নগদ সহায়তা বা রফতানি ভর্তুকি কেসগুলো বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ও সংশ্লিষ্ট ব্যাংকের নিয়োজিত অডিট ফার্মের মাধ্যমে করানো যাবে। এছাড়া অডিট কাজ দ্রুত শেষ করতে অতিরিক্ত ফার্মও নিয়োগ করা যাবে। তবে সেক্ষেত্রে অতিরিক্ত ফার্ম নিয়োগের যৌক্তিকতা ও প্রয়োজনীয় অডিট ফার্মের সংখ্যা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে হবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সকল অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠিয়েছে। জানা গেছে, চলতি ২০১৩-১৪ অর্থবছরে অন্যান্য ১৪টি প্রযোজ্য খাতসহ রফতানিমুখী দেশীয় বস্ত্রখাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে নগদ সহায়তা বা রফতানি ভর্তুকি পাওয়া যাবে। অর্থবছরের প্রথম দিন (১ জুলাই, ২০১৩) থেকে শেষ দিন (৩০ জুন, ২০১৪) পর্যন্ত রফতানির জন্য জাহাজীকরণ পণ্যের মূল্যের ওপর বিভিন্ন হারে এসব খাত নগদ সহায়তা পাবে। আর এ নগদ সহায়তা পেতে অডিটের জন্য বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ও সংশ্লিষ্ট ব্যাংক নিয়োজিত ফার্ম ছাড়াও অতিরিক্ত ফার্ম নিয়োগ করা যাবে।