দামেস্কের চেকপয়েন্টে ৯ নাগরিককে হত্যা
প্রকাশ : ১৭ জুলাই ২০১৩, ২০:৫০
সিরিয়ার দামেস্ক প্রদেশের একটি চেকপয়েন্টে সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যরা কমপক্ষে নয়জনকে গুলি করে হত্যা করেছে। এদের মধ্যে একটি শিশু রয়েছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে সিরিয়ার এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। লেবাননে এটাই এ ধরনের প্রথম হত্যাকাণ্ডের ঘটনা।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, সোমবার সন্ধ্যায় দামেস্ক প্রদেশের কারা শহরের কাছে সিরিয়ার নয়জন নাগরিককে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় কর্মীদের বরাত দিয়ে সংস্থাটি জানায়, প্রদেশের কালামুন এলাকার একটি সামরিক চেকপয়েন্টে তাদের হত্যা করা হয়। পর্যবেক্ষণ সংস্থার বিতরণ করা বিভিন্ন ভিডিও ফুটেজে এদের গুলিবিদ্ধ লাশ একটি কক্ষের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। লাশগুলোর আংশিক সাদা প্লাষ্টিক শিট দিয়ে ঢাকা ছিল।