মানিকগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় চাই

বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশে মোট জনসংখ্যা প্রায় ১৬ কোটি। জনসংখ্যার প্রায় ৮০ ভাগ লোক কৃষির উপর নির্ভরশীল। কৃষির উন্নতি হলেই দেশ উন্নত হবে এতে কোন সন্দেহ নেই। কৃষির উন্নয়নের জন্য প্রয়োজন কৃষির উপর শিক্ষা এবং দক্ষতা। এদেশে ১৬ কোটি মানুষের জন্য রয়েছে মাত্র চারটি কৃষি বিশ্ববিদ্যালয় যা জনসংখ্যার তুলনায় কতটা নগণ্য অনুমান করা যায়। চারটি কৃষি বিশ্ববিদ্যালয় দিয়ে ১৬ কোটি জনসংখ্যা অধ্যুষিত দেশের কৃষির উপর শিক্ষা-গবেষণা-দক্ষতা কিভাবে বৃদ্ধি করা সম্ভব। দেশে আরো কৃষি কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ দেশের মানুষ কৃষি শিক্ষায় শিক্ষিত হলে কৃষিক্ষেত্রে উত্পাদন ও উন্নয়ন বৃদ্ধি পাবে। কৃষিক্ষেত্রে উন্নয়ন হলেই দেশ ও জাতীয় উন্নয়ন হবে। মানিকগঞ্জ জেলা একটি কৃষি প্রধান এলাকা। এখানে ধান, পাট, তামাক, পিঁয়াজ, আখ, কাঁচা মরিচসহ বিভিন্ন ফসলের প্রচুর চাষাবাদ হয়ে থাকে। এ সকল কৃষির উন্নয়নের দিক বিবেচনা করেও সার্বিক দেশের কৃষির উন্নয়নের লক্ষ্যে মানিকগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য সরকারের শিক্ষা মন্ত্রণালয় তথা কৃষি মন্ত্রণালয়কে বিশেষভাবে অনুরোধ করছি। এমএ আওয়াল চালা, ঝিট্কা, মানিকগঞ্জ