মহাদেবপুরের সবজিতে মাত্রাতিরিক্ত কীটনাশক

নওগাঁর মহাদেবপুরে জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগের ফলে তরি-তরকারী ও শাক-সবজির নিরাপদ ব্যবহার ক্রমেই মারাত্মক হুমকি হয়ে দাঁড়াচ্ছে। অতিরিক্ত কীটনাশক প্রয়োগের মাধ্যমে উত্পাদিত তরি-তরকারী ও শাক-সবজি মানবদেহে মারাত্মক ক্ষতির কারণ সৃষ্টি করলেও এ থেকে বাঁচার উপায় নিয়ে যেন কারো মাথাব্যথাই নেই। স্থানীয় বিশেষজ্ঞ চিকিত্সকরা জানান, মাত্রাতিরিক্ত কীটনাশক দ্বারা উত্পাদিত তরি-তরকারী ও শাক-সবজি ব্যবহারে মানবদেহ পরোক্ষ এবং প্রত্যক্ষ উভয়ভাবেই মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। তরি-তরকারীর বিষক্রিয়ায় মানুষজন ক্রমেই মৃত্যুর দিকে ধাবিত হয়। পশুপাখিসহ অন্যান্য জীবজন্তুুও কীটনাশকের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় না। কীটনাশকের লাগামহীন ব্যবহারের ফলে বর্তমানে অনেক প্রজাতির পাখি প্রকৃতি থেকে হয়ে গেছে বিলীন, আবার অনেক প্রজাতি বিলীনের পথে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, মহাদেবপুরে যাবতীয় তরি-তরকারী মিলিয়ে প্রায় ৩ হাজার হেক্টর জমিতে বিভিন্ন তরি-তরকারী ও শাক-সবজির চাষ হয়। তুচ্ছ সমস্যাতেও কৃষক না বুঝেই প্রয়োজন-অপ্রয়োজনে ক্ষেতে দেদারসে কীটনাশক প্রয়োগ করে থাকে।