মাগুরায় নারিকেলের ছোবড়ায় জীবিকায়ন
প্রকাশ : ১৭ জুলাই ২০১৩, ২১:৪৯
মাগুরায় দুই শতাধিক পরিবার জাজিম তৈরির উপকরণ নারিকেলের ছোবা প্রক্রিয়াজাত করে জীবিকানির্বাহ করছে। এই ছোবা দিয়ে জাজিম তৈরিসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। জানা গেছে, সদর উপজেলার শত্রুজিত্পুর ও বেরুইল পলিতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বেশ কয়েকটি জাজিম তৈরির কারখানা গড়ে ওঠেছে। এখানে দু’শতাধিক পরিবার নারিকেলের ছোবা প্রক্রিয়াজাত করেন। নারিকেলের ছোবাগুলো তারা জেলার বিভিন্ন এলাকা থেকে ক্রয় করে আনেন। বর্তমানে নারিকেলের ছোবা মাগুরায় আর ফেল না নয়। ছোবাগুলো প্রথমে মেশিন এবং হাতের সাহায্যে পুরুষ ও মহিলা কর্মীরা প্রক্রিয়াজাত করেন। পরে তা রোদে শুকিয়ে জাজিম তৈরির উপযোগী হয়। শ্রমিকরা দৈনিক দু’শত টাকা হারে মজুরি পেয়ে থাকে। নারিকেলের ছোবার জাজিম মজবুত এবং আরামদায়ক বলে এর চাহিদাও বাজারে প্রচুর। মাগুরার চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চালান হচ্ছে এমনকি বিদেশেও যাচ্ছে। মাগুরার নারিকেল ছোবা প্রক্রিয়াজাত কারখানা গুলো বর্তমানে জমজমাট। পাইকাররা দেশের বিভিন্ন এলাকা থেকে এসে নারিকেলের প্রক্রিয়াজাত ছোবা ক্রয় করে নিয়ে যান।