পশ্চিমের জেলাগুলোতে পাট জাগের পানি নেই
প্রকাশ : ১৭ জুলাই ২০১৩, ২১:৫০
খাল, বিল ও ডোবায় পানি নেই। পশ্চিমের জেলাগুলোর চাষিরা এবারও পাট জাগ দেয়া নিয়ে সংকটে পড়েছে। অনেকে পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিচ্ছে। এতে উত্পাদন খরচ বেড়ে যাবে। কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, যশোর, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলাতে এক লাখ ৭৬ হাজার ৩শ’ ২০ হেক্টরে পাট চাষ হয়েছে। এখন পাট কাটা পুরাদমে শুরু হয়ে গেছে। আগের ক্ষেতের পাশে খাল, বিল ও ডোবাতে এ সময় পানি থৈ থৈ করত। পাট কাটার পর এসব জলাশয়ে জাগ দিত চাষি। গত কয়েক বছর ধরে পাট জাগের পানির অভাবে চাষিরা সমস্যায় পড়ছে। পাট কেটে ক্ষেতে ফেলে রাখতে হচ্ছে। তারপর সন্ধান করতে হয় কোথায় জাগ দেয়ার পানি মিলবে। ক্ষেত থেকে পাট দূরবর্তী নদী বা পুকুরে ঘোড়ার গাড়ি বা আলম সাধুযোগে নিতে বিঘা প্রতি দু’ থেকে তিন হাজার টাকা খরচ হচ্ছে। অনেক স্থানে পুকুরে পাট জাগ দিতে হচ্ছে। মালিক শ্যালো মেশিনে পানি তুলে পুকুর ভরছে।