কাউখালীতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড মর্যাদা প্রদান, সহকারী শিক্ষকদের বেতন আপগ্রেড করা ও প্রধান শিক্ষক পদে পদোন্নতির জটিলতা নিরসনের দাবিতে মঙ্গলবার ও বুধবার দুইদিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন। শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থেকে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে দেশব্যাপী এ কর্মসূচি পালিত হচ্ছে। শিক্ষক সমিতি কাউখালী উপজেলা শাখার সভাপতি সুব্রত রায় বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধান শিক্ষকদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণ ও সহকারী শিক্ষকদের বেতন আপগ্রেড করা ইত্যাদি দাবি পূরণের ব্যাপারে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, ডিজিসহ ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা বারবার আশ্বাস দিলেও এখনও দাবি পূরণ না হওয়ায় শিক্ষকরা কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুল্লাহ ফকির বলেন, আমরা শিক্ষার্থীদের পাঠদান থেকে বঞ্চিত করতে চাই না। সরকার আমাদের ন্যায্য দাবি মেনে নিলে আমরা কোনো কর্মসূচি দেব না।