বান্দরবানে আবাসিক হোটেল থেকে ভারতীয়র লাশ উদ্ধার

বান্দরবানে হিলভিউ আবাসিক হোটেল থেকে ভারতীয় নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ভারতীয় মুদ্রাসহ চিরকুট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে পৌর শহরের বাস স্টেশনস্থ হিলভিউ আবাসিক হোটেলের ২১১ রুম থেকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম রাহুল রানা (৩২), পিতা: হরিদাশ। দমদম পার্ক, কলকাতা, বাড়ি নং-৩৯৭। তবে হোটেলে দেয়া তথ্যে ঠিকানা লেখা হয়েছে আজিমপুর, ঢাকা। পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, ১০জুলাই ব্যবসায়িক কাজে বান্দরবান এসে হিলভিউ আবাসিক হোটেল অবস্থান নেয়। মঙ্গলবার রাতে রুমের ভাড়া চাইতে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়ে তারা লাশ উদ্ধার করেছে। খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা পুলিশ সুপার কামরুল আহসান, পুলিশের সদর সার্কেল এএসপি শিবলি কায়সার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) শামীম হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, মৃত্যুর আগে নিহত ব্যক্তি দেয়ালে ভারতের কলকাতার ঠিকানা লিখে গেছে। কিন্তু হোটেল কর্তৃপক্ষকে দিয়েছে ভিন্ন ঠিকানা। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা। যদিও তার লেখা চিরকুটে বলা হয়েছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।