থানছিতে ইউএনওর অপসারণ দাবিতে অবরোধ
প্রকাশ : ১৭ জুলাই ২০১৩, ২১:৫৩
ইউএনও’র অপসারণ দাবিতে গত বুধবার সকাল থেকে বান্দরবানের থানছিতে দুদিনের সড়ক ও নৌ-পথ অবরোধ কর্মসূচি শুরু হওয়ায় স্থল ও নৌ পথের যান চলাচল বন্ধ রয়েছে।
থানছির ইউএনও শেখ সালেহ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে থানছি উপজেলা ভাইস চেয়ারম্যান অলসান ত্রিপুরা, থানছি আওয়ামী লীগের সভাপতি মং থোয়াই ম্যা রনি এবং বিএনপি নেতা মংশৈ ম্রয়-এর নেতৃত্বে থানছি নাগরিক কমিটি বুধ ও বৃহস্পতিবার দুদিনের সড়ক ও নৌ-পথ অবরোধের ডাক দেয়। একই অভিযোগ এনে থানছিতে ইউএনও’কে অবাঞ্ছিত ঘোষণা, মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি থেকে ১৬ জুলাইয়ের মধ্যে ইউএনও প্রত্যাহারের আল্টিমেটাম দেন নাগরিক কমিটি।
সকাল থেকেই আওয়ামী লীগ-বিএনপিসহ সর্বদলীয় নাগরিক কমিটির নেতারা সড়ক ও নৌ-পথ অবরোধ কর্মসূচি সফল করতে স্থানীয় লোকজন প্রধান সড়কসহ অভ্যন্তরীণ সড়কগুলোতে অবস্থান নেয়। তাঁরা জানান, আগামী ২০ জুলাইয়ের মধ্যে ইউএনও’কে অপসারণ করা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালেহ আহমেদ জানান, স্থানীয় নেতাদের ঠিকাদারী ব্যবসায় অনিয়ম-দুর্নীতির পথ বন্ধ করে দেয়ায় এবং তাদের অনৈতিক দাবি না মানায় তাঁরা জোটবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছে।