আজ কুমারখালির কয়ায় তিন শহীদের মৃত্যুদিবস

আজ ১৮ জুলাই। কুষ্টিয়ার কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের কয়া গ্রামের তিনজন শহীদের মৃত্যুদিবস। একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় এইদিনে কয়া গ্রামের নিরস্ত্র নলকূপ মিস্ত্রি আলিমদ্দিন মোল্লা (৫৫) এবং তার দুই ছেলে হানিফ মোল্লা (২৫) ও ইব্রাহিম মোল্লাকে (২০) নিজ বাড়িতে গুলি করে হত্যার পর তাদের মরদেহ আগুনে পুড়িয়ে দেয় পাকিস্তানি হানাদার বাহিনী। সেদিন গভীর রাতে মুহুর্মুহু গুলির শব্দে ঘুম ভেঙে যায় কয়াবাসীর। আতংকিত গ্রামবাসী জীবন বাঁচাতে যার যার বাড়িঘর ছেড়ে আশ্রয় নেয় মাঠে। গ্রামের সকল মানুষের কাছে সহজ-সরল মানুষ হিসেবে খ্যাত আলিমদ্দিন তার দুই ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি বাড়ি নলকূপ স্থাপনের কাজ করতেন। সেদিন তিন বাপ-বেটা বাড়িতে ফিরে রাতে যখন ঘুমে নিমগ্ন ঠিক তখন হঠাত্ দরজায় লাথি মেরে ঘরে ঢুকে পাক হানাদার বাহিনী। তাদের তিনজনকে বাড়ির উঠানে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে। হত্যার পর নিহতদের শরীরে আগুন ধরিয়ে দেয়। শহীদ আলিমদ্দিনের ছোট ভাই আইয়ুব মোল্লা ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার আয়ুব মালিথার দলের সদস্য। আইয়ুব মোল্লা আয়ুব মালিথার সঙ্গে স্থানীয় রাজাকারদের বিরুদ্ধে কয়েকটি অপারেশনে অংশ নেন। তারই প্রতিশোধ নিতে স্থানীয় রাজাকাররা পাক হানাদার বাহিনী এনে কয়া গ্রামে এই নৃশংস হত্যাযজ্ঞ চালায়।