চুয়াডাঙ্গার র্যাব অফিস প্রত্যাহার করা হচ্ছে

জনবল সংকটের কারণে চুয়াডাঙ্গা থেকে র্যাব অফিস প্রত্যাহার করে ঝিনাইদহ ক্যাম্পের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে। র্যাব-৬ এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) লোকমান হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনবল সংকটের কারণে চুয়াডাঙ্গা অফিস প্রত্যাহার করা হলেও মেহেরপুরের গাংনীর অফিস থাকবে। মানবাধিকার কমিশনের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফুল ইসলাম খোকন বলেন, এখান থেকে ক্যাম্প সরিয়ে নেয়া হলে সাধারণ মানুষ দুর্ভোগে পড়বে। সন্ত্রাসী চাঁদাবাজরা আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন জানান, ক্যাম্প প্রত্যাহারের বিষয়ে তিনি কোনো কিছু শোনেননি। তবে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। ২০০৪ সালে র্যাব প্রতিষ্ঠা হওয়ার পর পরই চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্যাম্প স্থাপন করা হয়। তাদের কার্যক্রমে মানুষের আস্থা অর্জন করে।