জগন্নাথপুরে স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৭ জুলাই ২০১৩, ২১:৫৭
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই বাজারের স্বর্ণ ব্যবসায়ী ঝন্টু বনিক (২৭) ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে ঝন্টু বনিকের মামা সুরঞ্জন বনিক জগন্নাথপুর থানায় জিডি করেছেন। কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার কামালপুর গ্রামের জীবন বনিকের পুত্র ঝন্টু বনিক দীর্ঘ ৮ বছর ধরে জগন্নাথপুরের দাওরাই বাজারে স্বর্ণ ব্যবসা করে আসছিলেন। ব্যবসায়ী ঝন্টু বনিক গত ৮ জুলাই সন্ধ্যা রাতে দোকান বন্ধ করে নয়াবন্দর বাজারে তার মামার বাসায় যাওয়ার কথা থাকলেও সে ঐদিন আর মামার বাসায় যায়নি। ঐদিন রাত ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এলাকাবাসী জানান, নিখোঁজ হওয়ার আগের দিন স্থানীয় পাটকুড়া গ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর সাথে স্বর্ণের টাকা লেনদেন নিয়ে গোয়ালা বাজারের একটি ব্যাংকের ভেতরে কথা কাটাকাটি হয়। জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, জিডির প্রেক্ষিতে স্বর্ণ ব্যবসায়ী ঝন্টু বনিক নিখোঁজ হওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে।