ফুলবাড়িতে ডাকবাংলোর জন্য ২২টি গাছ কর্তন
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৭ জুলাই ২০১৩, ২১:৫৮
দিনাজপুরের ফুলবাড়িতে ডাকবাংলো নির্মাণ করতে কেটে ফেলা হয়েছে ২২টি বনজ ও ফলদ গাছ। কেটে ফেলা ২২টি গাছই উধাও হয়ে গেছে রাতের অন্ধকারে। পড়ে আছে ২টি ছোট গাছের টুকরো।
স্থানীয়দের অভিযোগ, ডাকবাংলোর কেয়ারটেকারের মাধ্যমেই গাছগুলো রাতের অন্ধকারে পাচার করা হয়েছে। কেয়ারটেকারের পিতা (বর্তমানে ছেলের বদলে কেয়ারটেকারের দায়িত্ব পালনকারী) ইসরাফিল গাছ পাচারের অভিযোগ অস্বীকার করে বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাছ কাটা থেকে শুরু করে সব কিছুই করা হয়েছে।
জানা গেছে, ফুলবাড়ি সরকারি কলেজের উত্তরাংশে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জেলা পরিষদের ডাকবাংলোর স্থানে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নতুন ডাকবাংলো ভবন নির্মাণ করা হচ্ছে। নতুন বহুতল ডাকবাংলো নির্মাণের প্রয়োজনে ২টি নিম গাছ, ৪টি মেহগনি, ১টি কাঁঠাল ও ১৫টি শিশু গাছ কেটে ফেলতে হয়েছে। এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
জেলা পরিষদের উপ-সহকারি প্রকৌশলী জহির উদ্দিন বলেন, জেলা পরিষদের জনবল কম। তাই সবদিকে খেয়াল রাখা সম্ভব হয় না। তবে ডাকবাংলোর কেয়ার টেকারকেই ভবন নির্মাণসহ সব কিছু দেখ ভালের দায়িত্ব দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।