ব্রুনাইয়ের বিনিয়োগ কামনা প্রধানমন্ত্রীর
প্রকাশ : ১৭ জুলাই ২০১৩, ২২:০৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেল, গ্যাস, বস্ত্র, চামড়া, মত্স্য, বিদ্যুত্ উত্পাদন, পাট ও কৃষিভিত্তিক শিল্পের মতো বিভিন্ন সম্ভাবনাময় খাতে ব্রুনাইয়ের বিনিয়োগ কামনা করেছেন। ব্রুনাইয়ের বিদায়ী রাষ্ট্রদূত হাজি আবদুল রাজাক বিন হাজি মোহা. হোসেইন গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্ করলে শেখ হাসিনা এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, অনেক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে বাংলাদেশ ও ব্রুনাইয়ের দৃষ্টিভঙ্গি অভিন্ন। তিনি জাতিসংঘ, ন্যাম, কমনওলথ, ও আই সি, এশিয়ান কমনওয়েলথ ডায়ালগ ও আসিয়ান আঞ্চলিক ফোরামে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। তিনি ব্রুনাইয়ের অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের জনশক্তি কাজে লাগানোর জন্য দেশটিকে ধন্যবাদ জানান।
শেখ হাসিনা ব্রুনাইয়ের সুলতানকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন।
এ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।