কূটনীতিকদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ইফতার করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সম্মানে বিরোধীদলীয় নেতা এ ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, দাতা সংস্থার প্রতিনিধি ও দূতাবাসের কর্মকর্তারা যোগ দেন। এছাড়াও সাবেক কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকরাও এতে অংশ নেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, ফিলিস্তিনের রাষ্ট্রদূত, কূটনৈতিক কোরের ডিন শায়ের মোহাম্মদ, সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল বুশাইরী, ইউরোপীয় ইউনিয়নের এ্যাম্বাসেডর উইলিয়াম হান্না ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের সঙ্গে এক টেবিলে বসে ইফতার করেন। ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, মিয়ানমার, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, চীন, কানাডা, জার্মানি, ইতালি, ব্রুনাই, ফ্রান্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, কোরিয়া, মরক্কো, কাতার, ব্রাজিল, স্পেন, তুরস্ক, নরওয়ে, নেদারল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ডসহ কমপক্ষে ৪০টির বেশি দেশের কূটনৈতিকরা এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ডব্যাংক, ইউএসএইড, ডিএফআইডি, জাইকার প্রতিনিধিরাও ইফতারে অংশ নেন।