বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে ঘাতকরা মুক্তি পাবে : নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কোন কারণে যদি বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসে তাহলে সাজাপ্রাপ্ত একাত্তরের ঘাতকরা মুক্তি পেয়ে যাবে। তারা আবার দেশকে জঙ্গিবাদ ও তালেবানি রাষ্ট্রে পরিণত করবে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে জয়ী করার মাধ্যমে পুনরায় ক্ষমতায় আনলে দেশে যুদ্ধাপরাধীদের রায় কার্যকর হবে। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, হেফাজতের নেতা আল্লামা শফী নারীদের প্রতি অবমাননাকর বক্তব্য দিয়েছেন। ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু প্রমুখ।