জামায়াত আবার আজ হরতাল ডেকেছে
প্রকাশ : ১৭ জুলাই ২০১৩, ২৩:০৯
যুদ্ধাপরাধের মামলায় দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায়ের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। গতকাল বুধবার দুপুরে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে হরতালের কর্মসূচি ঘোষণা করেন। এ নিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে চলতি সপ্তাহে টানা চার দিন হরতাল ডাকল জামায়াত।
মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় গতকাল মুজাহিদকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের রায় ঘোষণার এক ঘণ্টার মাথায় এক বিবৃতিতে হরতালের ডাক দিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতকে ‘নেতৃত্বশূন্য’ করার জন্য ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলায় ‘সরকার নির্দেশিত’ ছকে মুজাহিদের ফাঁসির রায় দিয়েছে ট্রাইব্যুনাল।