রায় নিয়ে প্রতিক্রিয়া নেই বিএনপির
প্রকাশ : ১৭ জুলাই ২০১৩, ২৩:১০
গতকাল বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড নিয়ে বিএনপির কোন পর্যায়ের নেতা মুখ খুলতে রাজি হননি।
দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, জামায়াত নেতার মৃত্যুদণ্ডাদেশ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এর আগে জামায়াতের সাবেক নেতা মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, আবদুল কাদের মোল্লা, কামারুজ্জামান, গোলাম আযমের রায়ের পরেও বিএনপি দলীয়ভাবে বা ব্যক্তিগত কোনো প্রতিক্রিয়া জানায়নি। এমনকি দলের নেতাদের বিরুদ্ধে রায় নিয়ে এ পর্যন্ত জামায়াত যতগুলো হরতাল ডেকেছে তার একটিতেও সমর্থন দেয়নি জোটের বড় শরীক দল বিএনপি। এর আগে গত সোমবার জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের রায় ঘোষণার পরেও দলটির কোনো নেতা মন্তব্য করতে চাননি। ট্রাইব্যুনালে অন্য রায়গুলোতেও বিএনপি নেতারা নিশ্চুপ ছিলেন। রায় ঘোষণার পর বিএনপির দায়িত্বশীল নেতারা বিষয়টি সচেতনভাবে এড়িয়ে যান। জিজ্ঞাসা করা হলে তারা জানান, এ বিষয়ে আপাতত মন্তব্য করা যাবে না। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির গুরুত্বপূর্ণ আরো ক’জন নেতার সঙ্গে যোগাযোগ করে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।