মুজাহিদের রায়ে সন্তুষ্ট গণজাগরণ মঞ্চ
প্রকাশ : ১৭ জুলাই ২০১৩, ২৩:১১
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করলেও উত্ফুল্ল হওয়ার কিছু নেই বলে প্রতিক্রিয়া জানিয়েছে গণজাগরণ মঞ্চ। গোলাম আযমের বিরুদ্ধে দেয়া ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করে গতকাল বুধবারও আন্দোলনরত শতাধিক তরুণ শাহবাগে অবস্থান করে। এ রায়ের বিরুদ্ধে সরকার আপিল না করলে মঞ্চ আপিল করবে। তবে আগের দিনের মতো গতকালও আন্দোলনরতরা পুলিশি বাধার কারণে শাহবাগ মোড় অবরোধ করতে পারেনি। সকল যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন।
জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে এবং মুজাহিদের ফাঁসির দাবিতে গতকাল সকাল ১০টার দিকে ২০-২৫ জন শাহবাগ মোড় অবরোধ করতে যান। পুলিশের বাধার কারণে সেখানে তারা অবস্থান করতে পারেননি। এরপর ১১টার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার ও কয়েকটি প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারাসহ শতাধিক আন্দোলনকারী জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। সেখানে তারা মুজাহিদের ফাঁসির দাবিতে শ্লোগান দেন। সাড়ে ১১টার দিকে তারা একটি মিছিল নিয়ে কাঁটাবন-শাহবাগ-টিএসসি হয়ে আবার শাহবাগে ফিরে আসেন। মুজাহিদের ফাঁসির রায়ের সংবাদ পৌঁছাল উল্লাস প্রকাশ করেন তারা। দুপুর আড়াইটা পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করেন। গোলাম আযমসহ সকল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সন্ধ্যার পর তারা আবারো জাতীয় জাদুঘরের সামনে অবস্থান শুরু করেন। দুপুরে মুজাহিদের রায়ের প্রতিক্রিয়ায় ইমরান এইচ সরকার বলেন, ৪২ বছর ধরে আমরা এই রায়ের জন্য অপেক্ষা করছি। তাই ৩০ লাখ শহীদের প্রতিনিধি হিসেবে আমাদের এ রায়ে উত্ফুল্ল হওয়ার কিছু নেই। তবে মুজাহিদের ফাঁসিতে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। জনগণ সন্তোষ প্রকাশ করেছে। শহীদ সাংবাদিক সিরাজউদ্দীন হোসেন ও সঙ্গীতজ্ঞ আলতাফ মাহমুদসহ বুদ্ধিজীবী হত্যা ও গণহত্যার দায়ে অভিযুক্ত আল-বদর বাহিনীর সদস্য মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় প্রত্যাশিত ছিল। এই রায়ের মাধ্যমে আমরা ন্যায়বিচার পেয়েছি।
ব্লগার এন্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক বলেন, রাজাকারকুল শিরোমণি গোলাম আযমের ফাঁসি না হওয়ায় জনগণ ক্ষুব্ধ। আমরা সরকারের প্রতি আহ্বান জানাব, অবিলম্বে আপিল করে গোলাম আযমের সর্বোচ্চ শাস্তির পথ সুগম করুন। তা না হলে গণজাগরণ মঞ্চই আপিল করবে। ইমরান বলেন, গণজাগরণ মঞ্চের আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন মহল থেকে চাপ আসছে। গণজাগরণ মঞ্চ ছয় দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে। গণজাগরণ মঞ্চের মিছিলে পুলিশ বাধা দিচ্ছে। মঞ্চকে রাস্তা থেকে সরিয়ে দেয়া হচ্ছে। আমরা এগুলোকে জয় করেই লক্ষ্যে পৌঁছাব। রাজপথে থেকেই দাবি আদায় করবো। আমরা যাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করছি, তারা পুলিশসহ সাধারণ মানুষকে আঘাত করছে। সরকার কী ব্যবস্থা করেছে এ বিষয়ে? অধ্যাপক গোলাম আযমের ফাঁসির দাবিতে আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় শাহবাগে সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।