মিরপুরে বাসা থেকে ডেকে নিয়ে যুবলীগ কর্মীকে হত্যা
প্রকাশ : ১৭ জুলাই ২০১৩, ২৩:১৪
রাজধানীর মিরপুরে বাসা থেকে ডেকে নিয়ে কাজী জহিরুল ইসলাম ওরফে বাবু (৩২) নামে এক যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি ১৩ নং ওয়ার্ড যুবলীগ কর্মী। মিরপুরের ৭৫৪, মধ্যমণিপুরে তার বাসা। নিহতের বড়ভাই কাজী তাজুল ইসলাম জানান, বুধবার সকাল ১১টার দিকে মিরপুরের মণিপুর স্কুলের বালক শাখার তালতলা রাস্তার গলিতে বাবুর পরিচিতরা তাকে খুন করে। তিনি জানান, স্থানীয় বস্তির মাস্তান এমাদুল হক গণ্ডার ছোটভাই বাবুকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। তাকে এমাদুল হক গণ্ডার, শহীদুল্লাহ ও মনিরসহ ৬/৭ জন সন্ত্রাসী ব্যাপক নির্যাতন ও ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর গ্যালক্সি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে শমরিতা হাসপাতালে নেয়া। সেখানে কর্তব্যরত চিকিত্সক বাবুকে মৃত ঘোষণা করেন। তারা লাশ মনিপুরের বাসায় নিয়ে যায়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। মিরপুর থানার ওসি সালাহউদ্দিন জানান, ৪/৫ বছর আগে একটি মারামারির ঘটনায় বাবু তার সহযোগী গণ্ডারকে ধরে পুলিশে সোপর্দ করে। ঐ মামলায় গণ্ডার দীর্ঘদিন জেলে থাকে। কিছুদিন আগে জামিনে বের হয়ে আসে। প্রতিশোধ হিসাবে গন্ডার বাবুকে খুন করার পরিকল্পনা নিতে পারে বলে পুলিশের ধারণা।