শাহবাগ থেকে গণজাগরণ কর্মীদের বিতাড়নের জন্য ছাত্রলীগকে ধন্যবাদ

গণজাগরণ মঞ্চের কর্মীদের শাহবাগ থেকে বিতাড়িত করায় ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ। গতকাল বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় পার্টি আয়োজিত এক ইফতার পার্টিতে এরশাদ বলেন, আমি ছাত্রলীগকে খারাপ জানতাম। সবসময় ছাত্রলীগের সমালোচনা করতাম। কিন্তু তারা গণজাগরণ মঞ্চের কর্মীদের বিতাড়িত করায় তাদের আমার আন্তরিক মোবারকবাদ রইল। ছাত্রলীগ একটা ভালো কাজ করেছে। শাহবাগ থেকে গণজাগরণ চত্বরের কর্মীদের তারা লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে। এরশাদ বলেন, আমার মন আশা-নিরাশায় দোদুল্যমান হয়, নির্বাচনে জয়ী হতে পারব কি না। তবে যতই দিন যাচ্ছে, ততই আশা-নিরাশা দূর হচ্ছে, আমি আজ আশান্বিত। তিনি আরো বলেন, দুটি রাজনৈতিক দলের কারণেই দেশ আজ বিবদমান। মানুষ শান্তি খুঁজছে। অনুষ্ঠানে আরো ছিলেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ, প্রেসিডিয়াম সদস্য বাণিজ্য মন্ত্রী জিএম কাদের এমপি, প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জামাল হায়দার, গোলাম হাবিব দুলাল, সৈয়দ আবু হোসেন বাবলা, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, কাজী ফিরোজ রশীদ, শেখ সিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল করিম ভুঁইয়া প্রমুখ। এদিকে জাতীয় পার্টির (এ) গতকালের ইফতার মাহফিলে আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলুসহ দলের একাংশ যোগ দেয়নি।