দাম কমছে তেল ছোলা চিনির
প্রকাশ : ১৭ জুলাই ২০১৩, ২৩:১৬
কিছুটা হলেও সুবাতাস বইতে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। কমতে শুরু করেছে বিভিন্ন পণ্যের দাম। এই তালিকায় রয়েছে ভোজ্যতেল, ছোলা ও চিনি। ফলে স্বল্প আয়ের মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমবে।
প্রতি বছরের মতো এবারও রমজানের শুরু থেকেই বিভিন্ন নিত্যপণ্যের দাম উর্ধ্বমুখী। বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সাথে বৈঠক করে বিভিন্ন পণ্যের দাম বেঁধে দিলেও বিক্রি হচ্ছিল বেশি দামে। সরকারের বাজার মনিটরিংয়ের পাশাপাশি টিসিবি’র নায্যমূল্যে পণ্য বিক্রিও কোন কাজে আসছিল না।
তবে এখন কোন কোন পণ্যের দাম কমছে। গতকাল বুধবার রাজধানীর কাওরানবাজার, মহাখালী ও নিউমার্কেটসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে বিভিন্ন পণ্যের দাম কমার এই চিত্র পাওয়া যায়। গতকাল বাজারে ছোলা মানভেদে ৫৮ থেকে ৬৩ টাকা, চিনি ৪৫ থেকে ৪৭ টাকা, সয়াবিন ৫ লিটারের বোতল ৬৩৫ থেকে ৬৫০ টাকা, ১ লিটারের বোতল ১২৮ থেকে ১৩০ টাকা, আলু ১৩ থেকে ১৬ টাকা ও মুরগী ( ব্রয়লার) ১৪৫ থেকে ১৫৫ টাকা কেজি দরে বিক্রি হয়। কিন্তু দুই/তিন দিন আগেও ছোলা মানভেদে ৬২ থেকে ৬৫ টাকা, চিনি ৪৭ থেকে ৪৮ টাকা, সয়াবিন ৫ লিটারের বোতল ৬৪০ থেকে ৬৫০ টাকা, ১ লিটারের বোতল ১৩০ থেকে ১৩১ টাকা, আলু ১৪ থেকে ১৬ টাকা ও মুরগী ( ব্রয়লার) ১৬০ থেকে ১৬৫ টাকা কেজি দরে বিক্রি হয়। তবে দাম বেড়েছে আদার। প্রতি কেজিতে ১০ টাকা বেড়ে গতকাল বাজারে মানভেদে প্রতি কেজি আদা বিক্রি হয় ৯০ থেকে ১২০ টাকায়।
নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম কমা প্রসঙ্গে কাওরানবাজারের পাইকারি ব্যবসায়ী নাজমুল বলেন, বাজারে ভোজ্যতেল, চিনি ও ছোলার সরবরাহ বেড়েছে। এছাড়া রমজানের শুরুতে ক্রেতাদের একসঙ্গে বেশি পরিমাণে কেনার একটা ঝোঁক থাকে, যেটা এখন কমেছে। এজন্য বিভিন্ন পণ্যের দাম এখন কমতির দিকে। দাম আরো কমবে বলেও তিনি জানান।