রায়কে কেন্দ্র করে সহিংসতা বিচ্ছিন্ন ঘটনা :স্বরাষ্ট্রমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার পর সারাদেশে যে সহিংসতা তা বিচ্ছিন্ন ঘটনা। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৫তম বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৪২ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। শুরু হয়েছে রায় দেওয়াও । যুদ্ধাপরাধের রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্নস্থানে যে সহিংসতা ,তা বিচ্ছিন্ন ঘটনা। এ অবস্থায় দেশের আইন-শৃঙ্খলা সরকারের নিয়ন্ত্রণে আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিমধ্যে শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যা মামলায় পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ পর্যায়ে হত্যাকাণ্ড সম্পর্কে তদন্তে আরো কিছু কিছু উপকরণ পাবো। মর্মান্তিক এ হত্যাকাণ্ডের ঘটনাটি উদঘাটন করতে সক্ষম হবো। এ ঘটনায় গার্মেন্টস কর্মী কল্পনা আক্তার ও বাবুল আক্তারের ৬টি মামলা হয়েছিল। সেগুলো তুলে নেয়া হয়েছে। ভারতের বিচ্ছিন্নতাবাদী উলফা নেতা অনুপ চেটিয়াকে ফেরত দেয়ার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথাসময়ে জানতে পারবেন। অনুপ চেটিয়ার বিষয়ে বিদেশি কোন ডেলিগেশন আসছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশি কোন ডেলিগেশন আসছে এ সম্পর্কিত কোন তথ্য আমার জানা নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠকে নেয়া সিদ্ধান্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারী নির্যাতন প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশে পদক্ষেপ অব্যাহত রয়েছে। অপরাধ আগের চেয়ে কমে গেছে। বৈঠকে আইনমন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদ, ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন।