জাতির প্রত্যাশা পূরণ হয়েছে :আইনমন্ত্রী

জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায়ে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচার করা। মুজাহিদের বিচারের মাধ্যমে নির্বাচনী অঙ্গীকার আংশিক পূরণ হয়েছে। বিচারের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোন অবকাশ নেই। অভিযুক্তদের সমস্ত সুযোগ দিয়ে দীর্ঘ সময় ধরে শুনানি শেষে ট্রাইব্যুনাল এ রায় দিয়েছে। গতকাল বুধবার সচিবালয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে আইনমন্ত্রী এ প্রতিক্রিয়া দেন। রাষ্ট্রপতির ক্ষমা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে বর্ণিত অপরাধগুলো আন্তর্জাতিক কনভেনশনে মার্জনীয় নয়। সমস্ত কিছু বিবেচনায় নিয়ে রাষ্ট্রপতি অপরাধে সাজাপ্রাপ্তদের ক্ষমা করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আমার মনে হয়। আইন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ কামরুল ইসলাম বলেন, কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেই সব ধরনের অপরাধীদের ছেড়ে দিতে পারে না। বর্তমান সরকারের বিপরীতমুখী কোন সরকার ক্ষমতায় থাকলেও আপিল চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মানবতাবিরোধী অপরাধীদের ছেড়ে দেবে তা বিশ্বাস করি না।